সরকারের ওপর চাপের হুঁশিয়ারি
সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ অস্বীকার চলবে না: নাহিদ ইসলাম
সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ অস্বীকার করা যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনে সরকার এগিয়ে না এলে ঈদের পর সংসদে ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ সৃষ্টি করবে বিরোধী দল।
শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের কথা থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি, যা হতাশাজনক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দ্রুত এ পরিষদ গঠনের উদ্যোগ না নেয়, তাহলে বিরোধী দল হিসেবে তারা রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, দেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থান সংবিধানের বাইর থেকেই সূচিত হয়েছিলো। তাই সংবিধানের অজুহাতে ‘জুলাই সনদ’কে উপেক্ষা করা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন সিদ্ধান্ত হবে।
নাহিদের মতে, এ সনদ বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। একই সঙ্গে তিনি বলেন, একটি সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য এক মাস যথেষ্ট সময় নয়। সরকারকে কাজের জন্য আরও সময় দেয়া উচিত।
তবে তিনি স্বীকার করেন, সরকারের কিছু উদ্যোগ ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণের মতো কিছু কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সব মিলিয়ে সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাপ ও উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বিরোধীদলের এ অবস্থান।
সবার দেশ/কেএম




























