অচল হয়ে ফিরে যাচ্ছে মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও বৃহত্তম যুদ্ধবিমানবাহী রণতরি USS Gerald R. Ford অচলাবস্থার মুখে পড়ে মেরামতের জন্য ফিরে যাচ্ছে। একাধিক কারিগরি ত্রুটি ও অগ্নিকাণ্ডের ঘটনায় লোহিত সাগর থেকে জাহাজটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, জাহাজটিতে আগুন লাগার পাশাপাশি টয়লেট ব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দিয়েছে। ফলে নাবিকদের জন্য স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় রণতরীটি সাময়িকভাবে গ্রিসের সৌদা বে বন্দরে নেয়া হবে।
প্রতিবেদন অনুযায়ী, জাহাজের টয়লেট সিস্টেম বিকল হয়ে পড়ায় নাবিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জাহাজের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কার্যক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে জাহাজের লন্ড্রি এলাকায় আগুন লাগার ঘটনায় ধোঁয়াজনিত অসুস্থতায় প্রায় ২০০ নাবিককে চিকিৎসা নিতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ ঘণ্টারও বেশি সময় লাগে এবং এতে প্রায় ১০০টি আবাসিক বার্থ ক্ষতিগ্রস্ত হয়। ফলে অনেক নাবিককে বিকল্পভাবে অবস্থান করতে হয়েছে।
প্রায় ৯ মাস ধরে টানা মোতায়েন থাকা এ রণতরিটি মধ্যপ্রাচ্যে আসার আগে ক্যারিবীয় অঞ্চলেও অভিযান পরিচালনা করেছে। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে জাহাজটির রক্ষণাবেক্ষণ ও নাবিকদের মনোবল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাময়িক মেরামত শেষে জাহাজটি আবার দায়িত্বে ফিরবে কিনা, তা নির্ভর করবে ক্ষয়ক্ষতির মাত্রা ও প্রযুক্তিগত সমস্যার সমাধানের ওপর।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য গার্ডিয়ান
সবার দেশ/কেএম




























