কারিনার মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার অপূরণীয় ক্ষতি: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সংস্কৃতিকর্মী ও জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা কারিনা কায়সারের মৃত্যু দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কারিনা কায়সারের সাহস, প্রতিশ্রুতি ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তার সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দৃঢ় অবস্থান দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, কারিনা কায়সার শুধু একজন সংস্কৃতিকর্মী ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী এক সাহসী কণ্ঠস্বর ছিলেন। দমন-পীড়নের কঠিন সময়েও তিনি গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে সাংস্কৃতিক প্রতিরোধকে আন্দোলনের শক্তিশালী অংশে পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এনসিপির এ মুখপাত্র মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সবার দেশ/কেএম




























