ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোটকেন্দ্রে ভোটাধিকার রক্ষায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও ভোটকেন্দ্রের চারশ’ গজের বাইরে অবস্থান নিয়ে কোনও অনিয়ম হলে প্রতিবাদ গড়ে তুলবে।
রাত ১২টা ১০ মিনিটে ভেরিফায়েড ফেসবুক লাইভে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের মতো মানুষদের সাহসিকতা দেখাতে হবে। যদিও শিক্ষার্থীরা ভোটার নাও হতে পারেন, তবুও তাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, অনিয়ম হলে একা দাঁড়াতেও ভয় পাওয়ার কিছু নেই; সবাইকে একত্রিত করে প্রতিবাদ করতে হবে।
নাহিদ ইসলাম সাধারণ মানুষ ও তরুণদের ভোটকেন্দ্রে সকালের দিকে আগমন ও নজরদারি করারও আহ্বান জানিয়ে বলেন, মিডিয়া এবং প্রশাসনও তাদের দায়িত্বের প্রতি দায়িত্বশীল হোক। মিডিয়া সত্য প্রকাশ করবে, প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে—এটাই সবার প্রত্যাশা।
সবার দেশ/কেএম




























