নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ
তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ
আজ ১ জুন, দেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নাম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম মৃত্যুবার্ষিকী। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী আন্দোলন, বাঙালির জাতিসত্তা বিকাশ ও ছয় দফা আন্দোলনে তার সাহসী ভূমিকা আজও স্মরণীয়।
১৯৬৯ সালের এ দিনে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। মানিক মিয়া ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং একজন নির্ভীক ও নীতিবান সাংবাদিক। সাংবাদিকতাকে তিনি দেখেছিলেন গণমানুষের মুক্তির হাতিয়ার হিসেবে।
১৯১১ সালে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জন্মগ্রহণ করেন মানিক মিয়া। লেখাপড়া শেষ করে কর্মজীবন শুরু করেন সিভিল কোর্টে। ১৯৪৭ সালে কলকাতার ‘ইত্তেহাদ’ পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং পরে ঢাকায় এসে সাপ্তাহিক ইত্তেফাকের সম্পাদনা শুরু করেন। ১৯৫৩ সালে এটি দৈনিক পত্রিকায় রূপ নেয়।
আইয়ুব খান সরকারের সামরিক শাসনের বিরুদ্ধে ইত্তেফাক ছিলো শক্তিশালী কণ্ঠস্বর। সামরিক আইনের মামলায় মানিক মিয়াকে একাধিকবার কারাবরণ করতে হয়। ১৯৬৬ সালে গ্রেফতারের সময় তার পত্রিকা ও প্রেস বাজেয়াপ্ত করা হয়। ১৯৬৯ সালে গণআন্দোলনের চাপে তা আবার চালু হয়।
আরও পড়ুন <<>> ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
তার কলাম ‘রাজনৈতিক ধোঁকাবাজি’, ‘রাজনৈতিক মঞ্চ’ ও ‘রঙ্গমঞ্চ’ সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তোলে। তিনি ছিলেন রাজনীতিমনস্ক, কিন্তু কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ তার ছিলো না।
আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজিমপুর মাজার প্রাঙ্গণে কুরআনখানি, দোয়া ও তবারক বিতরণ করা হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে নিজ নিজ স্থানে কুরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।
সবার দেশ/কেএম




























