৪০ যাত্রী নিয়ে পদ্মায় ডুবলো বাস, দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ বহু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে তিন নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকাগামী বাসটিতে নারী-শিশুসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী নদী থেকে উপরে উঠতে সক্ষম হলেও অধিকাংশই বাসের ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটি ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পদ্মায় পড়ে যাওয়া বাসটি পন্টুনের নিচে চলে গেছে। যে কারণে বাসের জানালা ও দরজা ভাঙা যাচ্ছে না বলে জানিয়েছেন ডুবুরি দলের সদস্যরা।
ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, বিকেল পাঁচটার কিছু পর ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ঘাটে আসে। একটি ফেরি ছেড়ে যাওয়ার পর বাসটি অন্য ফেরির জন্য অপেক্ষা করছিলো। পরে ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি ফেরি এসে পন্টুনে জোরে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
আরও পড়ুন <<>> ফেরিতে ওঠার সময় বাস নদীতে, হতাহতের শঙ্কা
তিনি বলেন, চোখের সামনে বাসটি নদীতে পড়ে গেলেও তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ ছিলো না। বাসে থাকা অনেক যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।
এদিকে বিআইডব্লিউটিসির কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কার্যক্রম জোরদার করা হচ্ছে।
দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সবার দেশ/কেএম




























