পহেলা বৈশাখে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
পহেলা বৈশাখের সরকারি ছুটিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকছে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। সেই সঙ্গে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম| তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চলবে বলে জানিয়েছেন বেনাপোল শুল্কভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিউর রহমান|
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পহেলা বৈশাখ মঙ্গলবার সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে এক দিনের জন্য আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে| ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টকেও বিষয়টি জানানো হয়েছে। বুধবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম চলবে|
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, মঙ্গলবার পহেলা বৈশাখের সরকারি ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। দুই দেশের মধ্যে যাতায়াতে কোন প্রভাব পড়বে না।
সবার দেশ/কেএম




























