রাজশাহীতে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কায় এসব বিস্ফোরক ও অস্ত্র মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাহিনীটি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এবং মঙ্গলবার ভোরে র্যাব-৫ এর দুটি পৃথক দল অভিযান চালায়। রাজশাহী উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ২৪টি ককটেল উদ্ধার করা হয়। একই সময়ে পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর এলাকায় আরেকটি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাসুয়া, পাঁচটি ছুরি, আঠারোটি কুঠার সদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার। উদ্ধারকৃত সব আলামত আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা সৃষ্টি বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও অস্ত্র মজুদ করা হয়েছিল।
র্যাব-৫ এর কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান আরও বাড়ানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সবার দেশ/এফও




























