বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যের আকাশে চলমান যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হাজার হাজার যাত্রী আটকে পড়েন, যাদের বড় অংশ মধ্যপ্রাচ্য ও ইউরোপ-আমেরিকা রুটের কানেক্টিং ফ্লাইটের যাত্রী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিতে সেখানে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যাত্রীদের সমস্যার কথা শোনেন এবং তাদের জন্য নেয়া সহায়তা কার্যক্রম তদারকি করেন।
এ সময় সংবাদ সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের পরিস্থিতি এবং যাত্রীদের ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন। মন্ত্রী তাকে জানান, মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যৌথভাবে আটকে পড়া যাত্রীদের থাকার ও খাবারের ব্যবস্থা করছে।
মন্ত্রী জানান, বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের মধ্যে অন্তত ৫০ জনের থাকার ব্যবস্থা মন্ত্রণালয়ের উদ্যোগে করা হয়েছে। বেবিচক আরও প্রায় ৮০০ যাত্রীর থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে।
তিনি বলেন, ওমানের মাস্কাটগামী ফ্লাইটের জন্য সিলেট থেকে ৫৩ জন যাত্রী ঢাকায় আসেন। ফ্লাইট বাতিল হওয়ায় তাদের হোটেলে রাখা হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে তাদের একটি এসি বাসে সিলেটে ফেরত পাঠানোর পরিকল্পনা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের আকাশসীমায় উত্তেজনার কারণে শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল অনিশ্চিত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























