শিরোপা দৌড়ে বাংলাদেশ
নেপালকে উড়িয়ে জয়ের পথে ফিরলো সাবিনারা
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবারও জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী দল। সোমবার (১৯ জানুয়ারি) টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্সে লাল-সবুজের প্রতিনিধিরা প্রমাণ করেছে, শিরোপা লড়াইয়ে তারা এখনও শক্ত অবস্থানেই আছে।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করতে হয় সাবিনা খাতুনদের। ফলে জয়ের ধারায় ফেরাটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিলো। নেপালের বিপক্ষে সে লক্ষ্য পূরণে একচুলও ঘাটতি রাখেনি দলটি।

ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন। টুর্নামেন্টে এটি ছিলো তার চতুর্থ গোল। প্রথম ম্যাচে জোড়া গোল করার পর পরবর্তী দুই ম্যাচে একটি করে গোল করলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রাণী সরকার। দুর্দান্ত বল কন্ট্রোলের পর দূরপাল্লার শক্তিশালী শটে নেপালের জাল কাঁপান তিনি। তার ওই গোল ম্যাচে বাংলাদেশের আধিপত্য আরও স্পষ্ট করে তোলে।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ। চাপের মুখে থাকা নেপাল রক্ষণভাগ বেশ কয়েকবার হিমশিম খায়। শেষ পর্যন্ত দলের হয়ে তৃতীয় গোলটি করেন লিপি আক্তার। ফ্রি কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তিনি, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

নেপালও কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও বাংলাদেশের গোলরক্ষক ঝিলি ছিলেন দুর্ভেদ্য। তার দারুণ সব সেভে নেপাল গোলের দেখা পায়নি।
এ জয়ে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। নেপালকে হারিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলো সাবিনা খাতুন ও মাসুরা পারভীনদের দল।
সবার দেশ/কেএম




























