সুনামি সতর্কতা নেই
জাপানে শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প
ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানার পরপরই জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে সুনামির কোনও আশঙ্কা নেই।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো জাপানের কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে এ কম্পন আঘাত হানে।
ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে জাপান সরকার। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।
জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেন, এ ভূমিকম্প থেকে সুনামির কোনও ঝুঁকি নেই। এখন পর্যন্ত কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির মূল্যায়ন অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন পারমাণবিক স্থাপনা পরীক্ষা করে কোনো ধরনের অস্বাভাবিকতা শনাক্ত করা হয়নি।
ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে East Japan Railway Company (জেআর ইস্ট) তাদের বুলেট ট্রেন পরিষেবার একটি অংশ সাময়িকভাবে স্থগিত করে। এর ফলে জাপানের মূল দ্বীপের উত্তরাঞ্চলের শিন-আওমোরি থেকে রাজধানী টোকিও পর্যন্ত উচ্চগতির রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে শক্তিশালী ভূমিকম্প প্রায়ই আঘাত হানে। দেশটির উন্নত দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামোগত প্রস্তুতির কারণে অধিকাংশ ক্ষেত্রেই বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্ভাব্য আফটারশক বা পরবর্তী কম্পনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সূত্র: রয়টার্স
সবার দেশ/কেএম




























