অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান
বিএনপির শাসনামলে অনিচ্ছাকৃত কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তার জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অতীতের অভিজ্ঞতা ও অর্জনকে ভিত্তি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার জানিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন তিনি।
সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দায়িত্ব পালনের সময় কোনও ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই দলটি ভবিষ্যতের পরিকল্পনা সাজিয়েছে।
ভাষণে তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র ও সরকারকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনা বিএনপির প্রধান অঙ্গীকার। জনগণের সমর্থন পেলে আগামী সরকার হবে জবাবদিহিমূলক এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। অতীতে বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন একটি নতুন প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তারেক রহমান তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। গণতন্ত্রকামী নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব দিন, আর নির্বাচিত প্রতিনিধিরা ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণের দায়িত্ব নেবে। নির্বাচিতরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না, তা তদারকির অঙ্গীকারও করেন তিনি।
ভাষণের শেষাংশে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতাকে মূলনীতি হিসেবে গ্রহণ করা হবে। ১২ ফেব্রুয়ারি জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন উল্লেখ করে ধানের শীষের বিজয় কামনা করেন বিএনপি চেয়ারম্যান।
সবার দেশ/কেএম




























