ছোট ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
বাগাতিপাড়ায় দুই দিনে একই পরিবারের দুইজনের ওপর হামলা
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের দুই সদস্যের ওপর পরপর হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার পৌরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় একটি মসজিদের ইমাম আবুল খায়ের জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর একদিন পর শনিবার সন্ধ্যার দিকে ইমাম আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুব আলীর ওপর আবারও হামলার ঘটনা ঘটে। আহত ইয়াকুব জানান, তিনি পাশের গ্রামে চাচার বাড়িতে যাওয়ার পথে কয়েকজন তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। পরে প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন, কিন্তু হামলাকারীরা সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।
আহত ইয়াকুব আরও জানান, হামলায় মিরাজ, মিরাজের ছেলে মেহেদী, সাইফুলসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। এর আগে তার বড় ভাইয়ের ওপর হামলার সঙ্গে জড়িতরাও এ ঘটনায় অংশ নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সজিবুর রহমান জানান, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল পুলিশ অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো এবং পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সাবেক কমিশনার মহসিন আলি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























