পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে অভিযান
পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত রাখতে বিশেষ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে যৌথভাবে এ অভিযান শুরু হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মোহাম্মদপুর থানা-পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে এলাকার আলোচিত ‘রেড স্পট’গুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
অভিযান চলাকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক কারবারি ও চিহ্নিত অপরাধীদের ধরতে সোয়াট সদস্যরা সাঁজোয়া প্রস্তুতি নিয়ে তল্লাশি চালান। প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সহায়তায় বিভিন্ন বাসা ও সন্দেহভাজন স্থানে চিরুনি অভিযান চালানো হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, অভিযানের মূল লক্ষ্য হলো এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা এবং পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালন নিশ্চিত করা। পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও এ উদ্যোগের অংশ।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার মো. জুয়েল রানা জানান, বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫ জন বিভিন্ন স্তরের অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সবার দেশ/কেএম




























