আহত অন্তত ২৩
শিশু ধর্ষণ ইস্যুতে রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন
চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এ সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাতে একটি এলাকায় জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক দফায় সংঘর্ষ অব্যাহত থাকে।
এ সময় পুলিশের ছোড়া গুলিতে দুই সাংবাদিকসহ অন্তত তিনজন আহত হন বলে জানা গেছে। এছাড়া পৃথক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব ও আর্মড পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে রাত ১১টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।
সবার দেশ/কেএম




























