Sobar Desh | সবার দেশ শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ৫ আগস্ট ২০২৬

ঘরের বাইরে ও ভেতরে উত্তেজনা

জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি

জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের মারধর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে জোরপূর্বক বের করে দেয়া হয়। তবে বিএনপির দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতেই কয়েকজন জুলাইযোদ্ধা অডিটোরিয়ামে প্রবেশ করলে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে গেজেটেড জুলাইযোদ্ধা জাকির হোসেন মিন্টুকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকেও লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জাকির হোসেন মিন্টু, ইমরান আল নাজিরসহ অন্যদের অডিটোরিয়াম থেকে বের করে দিচ্ছেন। বাইরে এসে জাকির হোসেন মিন্টুকে চড়-থাপ্পড় মারার দৃশ্যও ভিডিওতে দেখা যায়। 

ঘটনার পর আহত জুলাইযোদ্ধা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেন।

আহত জুলাইযোদ্ধা জাকির হোসেন মিন্টু বলেন, অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা হঠাৎ হামলা চালান। তিনি দাবি করেন, সরকারিভাবে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে মারধর করে বের করে দেয়া হয়েছে।

তিনি বলেন, আমি জুলাই আন্দোলনে আহত হওয়ার পর তদন্ত শেষে সরকার আমাকে জুলাইযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। কিন্তু অনুষ্ঠানে যেতেই আমাকে মারধর করা হয়েছে। অন্যরা এগিয়ে না এলে হয়তো আরও বড় ক্ষতি হতো।

তিনি আরও বলেন, আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছি। সে আন্দোলনের সুফল ভোগ করেই অনেকে এখন রাজনীতি করছে। এ ঘটনার বিচার এবং দায়ীদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ দেখতে চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির অভিযোগ করেন, অডিটোরিয়ামে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাকে ও জাকির হোসেন মিন্টুকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে বের করে দেয়া হয়।

তিনি বলেন, প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা হয়েছে। কিন্তু তারা কার্যকর কোনও ভূমিকা নেয়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু বলেন, জুলাই অভ্যুত্থানে বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি ছিলো এবং এ বিষয়টি বিভিন্ন রাজনৈতিক নেতাও স্বীকার করেছেন। তিনি দাবি করেন, ইমরান আল নাজিরসহ এনসিপির কয়েকজন নেতা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কটূক্তি করে আসছেন।

তার ভাষ্য, অনুষ্ঠানেও তারা একই ধরনের মন্তব্য করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা না বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এদিকে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করেছি। তবে যে অভিযোগ এসেছে, সেটি খতিয়ে দেখা হবে। ঘটনাটি যদি ঘটে থাকে, তাহলে সম্ভবত অনুষ্ঠান শুরুর আগেই ঘটেছে। অনুষ্ঠান শুরু হওয়ার পর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক