Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ মে ২০২৬

আপডেট: ০৬:৩৫, ১৯ মে ২০২৬

ভিডিও ভাইরাল, এলাকায় ক্ষোভ

শরীয়তপুর-ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর-ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ যুবলীগ–এর নেতা-কর্মীরা শরীয়তপুর ও ফরিদপুরে পৃথক ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। দুটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মে) দুপুরে জাজিরা উপজেলার মানিকনগর এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে ব্যানার হাতে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে হাঁটছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান। মিছিলে সামনের সারিতে ছিলেন শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারও।

ভিডিওতে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন–এর নামে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের। একইসঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কারাগারে থাকা রাজনীতিবিদদের মুক্তির দাবিও জানানো হয়।

জানা গেছে, মিছিলের ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। এর আগে শনিবার রাত ও রোববার সকালে জাজিরার তিনটি স্থানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে—এমন একটি ভিডিও আমাদের হাতে এসেছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এখনও কাউকে শনাক্ত করা যায়নি। আজ কোনও মিছিল হয়েছে কি না, সে তথ্যও আমাদের কাছে নেই। যেহেতু আমাদের থানার সীমানার সঙ্গে শরীয়তপুর সদর, নড়িয়া ও মাদারীপুরের শিবচর থানার সীমান্ত রয়েছে, তাই অন্য কোনও এলাকায়ও ঘটনাটি হতে পারে। আমরা খোঁজ নিচ্ছি।

অন্যদিকে, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর শহরসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের শহর বাইপাস সড়কে নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, মিছিলটির নেতৃত্ব দেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান। এতে অংশ নেন জেলা যুবলীগের সদস্য মাহফুজ আহমেদ, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাওসার আকন্দ এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ আরও অনেকে।

রোববার রাত সাড়ে নয়টার দিকে ‘অমিও সরকার’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে দিতে ব্যানার নিয়ে সড়কের পাশ দিয়ে মিছিল করছেন। ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ফরিদপুর জেলা শাখা’ এবং ইংরেজিতে ‘বাংলাদেশ রাইজ এগেইন’ লেখা ছিলো।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুল হাসান বলেন, শহর বা আশপাশে কোনো ঝটিকা মিছিলের খবর আমাদের জানা নেই। তবে ফেসবুকে একটি ভিডিও আমরা দেখেছি। ভিডিও দেখে প্রাথমিকভাবে স্থানটি শনাক্ত করা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলা, নিহত ৩
শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই
ভিসি প্রত্যাহার না হলে ডুয়েটে শাটডাউনের হুঁশিয়ারি
বন্দরের সংকট নিরসনে বেনাপোলে কাস্টমস কমিশনার-জামায়াত এমপির বৈঠক
শরীয়তপুর-ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
নিজ হাতে ‘৩৬ জুলাই’ গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত
নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক
টাঙ্গাইল রেলস্টেশনের সরকারি জমিতে শ্রমিক দলের অফিস
নারী এমপিদের সংসদে সক্রিয় ও দক্ষ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকার প্রস্তাব
ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি
এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ বাঁচাই রাখলে কথা হবে-সালমান-রেহানার ফোনালাপ