Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৬, ১৫ অক্টোবর ২০২৫

মিরপুরের আগুন নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’

বুয়েটের বিশেষজ্ঞ দল পরিদর্শন করবে বুধবার, ফায়ার সার্ভিসের সতর্ক অবস্থান অব্যাহত

মিরপুরের আগুন নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, পরিস্থিতি জটিল হওয়ায় আগুন সম্পূর্ণ নির্বাপণে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন,

এখনও ওখান থেকে ধোঁয়া উঠছে, কারণ সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক রয়েছে। কেমিক্যাল আগুন দ্রুত নিভানো সম্ভব নয়। এটি ধীরে ধীরে ঠান্ডা করতে হয়—একটা প্রটোকল অনুযায়ী। আমরা সেটাই অনুসরণ করছি। বুধবার সকালে বুয়েটের বিশেষজ্ঞ দল আসবে, তারা পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপের পরামর্শ দেবে।

ফায়ার সার্ভিস প্রধান জানান, আগুন আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আবার জ্বলে উঠতে পারে। এজন্য মঙ্গলবার সারারাত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করবেন। 

তিনি বলেন,

বর্তমান অবস্থা আমাদের কাছে আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও সতর্ক থাকতে হবে। দ্রুত নির্বাপণ করতে গেলে বিস্ফোরণ বা দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের লক্ষ্য—আর কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি যেন না হয়।

তিনি আরও বলেন,

আগুন এখন নিয়ন্ত্রণে আছে, তবে নির্বাপণ বলা যাবে না। টঙ্গীর কেমিক্যাল দুর্ঘটনাতেও আগুন নেভাতে সাত-আট দিন লেগেছিলো। এখানেও তেমন সময় লাগতে পারে।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিক গুদাম এবং সংলগ্ন পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় বারো ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, মঙ্গলবার রাত পর্যন্ত ১৬টি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে, যেগুলোর বেশিরভাগ পাওয়া গেছে পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা ছাড়া কোনও উপায় নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কারখানায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন মিলে এখনো ঘটনাস্থলটি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘিরে রেখেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ