ভিসা পেলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয়—সতর্কতা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের
যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত নয়—এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা।
শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, একটি ইউএস ভিসা থাকা মানেই শতভাগ ভ্রমণের নিশ্চয়তা নয়। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি এবং কতদিন অবস্থান করা যাবে—এসব চূড়ান্তভাবে নির্ধারণ করেন সংশ্লিষ্ট প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
অর্থাৎ, ভিসা থাকার পরও ইমিগ্রেশন কর্মকর্তা প্রয়োজন মনে করলে যে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন।
দূতাবাস আরও জানায়, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করে কাজ করা—যেমন পর্যটক ভিসায় চাকরি করা—গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে।
বার্তায় বলা হয়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান করা এবং সময়মতো নিজ দেশে ফিরে আসার ওপরই ভবিষ্যতে ভিসা পাওয়ার সম্ভাবনা নির্ভর করে।
সম্প্রতি অতিরিক্ত সময় অবস্থান ও ভিসা জালিয়াতি রোধে সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে দূতাবাস নিয়মিত এমন সতর্কবার্তা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























