চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধের আহ্বান জামায়াত আমিরের
কুমিল্লায় নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ আর পরিবারতন্ত্রের রাজনীতি দেখতে চায় না। যোগ্যতা ও মেধার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলার কথা তুলে ধরে তিনি বলেন, এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে একজন রিকশাচালকও যোগ্যতা থাকলে রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউনহল ময়দানে মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, জামায়াত দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছে। বিচারের নামে নেতাদের হত্যা, দলীয় কার্যালয়ে তালা, নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার মতো ঘটনাগুলো মূলত জামায়াতের বিরুদ্ধে হয়েছে বলেও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদনে জামায়াত নেতাকর্মীদের গুমের অভিযোগ উঠে এসেছে।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টকে তিনি আল্লাহর নেয়ামত হিসেবে দেখেন। প্রতিশোধের রাজনীতি না করার অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, ভুক্তভোগী পরিবার আইনি লড়াই করলে জামায়াত সহযোগিতা করবে এবং জুলাইয়ের শহীদ পরিবারগুলোর পাশে দলটি রয়েছে।
তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগের কারণেই আজ রাজনৈতিকভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি ভোটারদের জুলাইপন্থী শক্তির পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।
চাঁদাবাজি ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, ফুটপাত ব্যবসায়ী থেকে শিল্পপতি—সবাই কোনও না কোনওভাবে চাঁদাবাজির শিকার হচ্ছেন। ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। সাম্প্রতিক বিভিন্ন সমাবেশেও তিনি চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরও বলেন, অতীতে নির্যাতন সহ্য করেও তারা দেশ ছাড়েননি এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে থাকার অঙ্গীকার করেন। নিজেদের মজলুম দাবি করে তিনি বলেন, তারা কখনো জালিম হতে চান না।
নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো মা-বোনের ওপর হামলা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে নারীদের ভয়ভীতি উপেক্ষা করে ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।
যুবকদের উদ্দেশে তিনি বলেন, বেকার ভাতার ওপর নির্ভরশীলতা নয়—কর্মসংস্থান তৈরি করে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে। দলটির বক্তব্য অনুযায়ী, যুবকদের জন্য ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
সংবাদমাধ্যমের ভূমিকাও গুরুত্ব দিয়ে তিনি বলেন, মিডিয়া জাতির দর্পণ। কোনও গণমাধ্যম যেন দুর্নীতির পক্ষে না দাঁড়ায় এবং সত্য তথ্য তুলে ধরে—এমন আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মুহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।
সবার দেশ/কেএম




























