নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক বাস্তবতা ও ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তার মতে, নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হতো, তাহলে দেশের রাজনৈতিক চিত্র ভিন্ন হতে পারতো।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা)-এর একটি টক শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
ভোটারদের আচরণ বিশ্লেষণ করে রুমিন ফারহানা দাবি করেন, অনেক ভোটার অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, মূলত অন্য একটি দলকে ঠেকানোর কৌশল হিসেবেই এ ভোট দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়গুলো নিয়ে দলীয় ও ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানালেও কোনও কার্যকর পরিবর্তন আসেনি। ফলে ভোটারদের একটি অংশ কৌশলগত অবস্থান নিতে বাধ্য হয়েছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (জাতীয় নাগরিক পার্টি)-তে যোগ দেয়ার গুঞ্জন সরাসরি নাকচ করেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, এ ধরনের আলোচনা বা প্রচারণার কোনও ভিত্তি নেই।
তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। একজন জুলাইযোদ্ধা হিসেবে এনসিপিও তাকে দলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলো। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।
রুমিন ফারহানা বলেন, রাজনৈতিক আদর্শ বিসর্জন দিয়ে শুধু সংসদে কথা বলার সুযোগের জন্য কোনও দলে যোগ দেয়া সম্ভব নয়। তিনি স্পষ্ট করে দেন, কথা বলার জন্য সংসদই একমাত্র প্ল্যাটফর্ম নয়—বিভিন্ন মাধ্যমেই নিজের মত প্রকাশ করা যায়।
তার এ মন্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে, বিশেষ করে নির্বাচন, ভোটার আচরণ এবং বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে।
সবার দেশ/কেএম




























