মুম্বাইয়ের ব্যস্ততায় ‘দো দিওয়ানে শহর মে’
ম্রুণাল ঠাকুরের নীরব প্রেম
মুম্বাই শহরের আলো-ছায়ার মাঝখানে জন্ম নেয় অনেক নীরব গল্প, যেগুলো চোখে ধরা না পড়লেও মনে থেকে যায় দীর্ঘদিন। ঠিক তেমনই এক প্রেমকথার আভাস দিচ্ছে ম্রুণাল ঠাকুর অভিনীত নতুন সিনেমা ‘দো দিওয়ানে শহর মে’। সিনেমার টিজার গতকাল মুক্তি পেয়েছে, যেখানে দেখা যায় শহরের ব্যস্ততা, গাড়ি আর মানুষের ছুটে চলা, আর সে কোলাহলের মাঝখানে একা দাঁড়িয়ে থাকা ম্রুণালকে।

টিজারে চরিত্রটিকে ঘিরে একাকিত্ব স্পষ্ট। সে একাকিত্ব ধীরে ধীরে তাকে নিয়ে যায় আরেকটি জীবনের কাছে। চরিত্রটিতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। তারা দুজনেই নিখুঁত নন; জীবনে রয়েছে দ্বিধা, অসম্পূর্ণতা এবং না-পাওয়ার ক্ষত। এ অপূর্ণতাই একসময় তাদের একে অপরের সঙ্গে জুড়ে দেয়।

নির্মাতা রবি উদ্যাওয়ার এ সম্পর্ককে দুটি অপূর্ণ মানুষের নিখুঁত প্রেম হিসেবে বর্ণনা করেছেন। প্রেম হঠাৎ করে সব বদলে দেয় না; বরং ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে, ঠিক স্মৃতির মতো—নীরবে, কিন্তু গভীরভাবে। আবহ আরও গভীর করেছে ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘ঘরেন্দা’ সিনেমার জনপ্রিয় গান ‘দো দিওয়ানে শহর মে’, যা ম্রুণালের চরিত্রের যাত্রার সঙ্গে মিশে এক ধরনের নস্টালজিয়া তৈরি করে।

রবি উদ্যাওয়ার এ ছবিতে সংযত আবেগ এবং পরিমিত দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন, যা আগে শ্রীদেবী অভিনীত ‘মম’-এ দেখা গিয়েছিলো। ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ারে এটি এক নতুন ধাপ, যেখানে প্রেম মানে কেবল সম্পর্ক নয়, নিজের সঙ্গে নিজের বোঝাপড়াও। ‘সীতা রামম’, ‘জার্সি’ এবং ‘লাস্ট স্টোরিজ’-এর পর তিনি আবারও এমন একটি চরিত্রে ফিরছেন।

ছবিটি সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় নির্মিত হলেও এখানে নেই অতিরিক্ত জাঁকজমক; বরং আছে শহরের ভেতরে লুকিয়ে থাকা ছোট ছোট অনুভূতি, যা অনেক সময় শব্দের বাইরে থেকেই স্পর্শ করে। ‘দো দিওয়ানে শহর মে’ আগামী ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে সম্প্রতি ম্রুণাল ঠাকুর ও দক্ষিণী অভিনেতা ধানুশকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। নেটিজেনদের একাংশ দাবি করেছেন, ভালোবাসা দিবসেই তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে ধানুশের পক্ষ থেকে এ গুঞ্জন ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

ম্রুণাল এ আলোচনার মধ্যে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিওতে নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় তাকে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘স্থির, উজ্জ্বল ও অটল’। ভক্তরা ধারণা করছেন, চলমান গুঞ্জনের মধ্যেও নিজের অবস্থানে অবিচল থাকার বার্তা দিয়েই এটি প্রকাশ করেছেন ম্রুণাল।
সবার দেশ/কেএম




























