Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ২৬ জানুয়ারি ২০২৬

ভারতের দাবি মেনে নেয়ায় প্রশ্ন তুললো উইজডেন

আইসিসির দ্বিমুখী নীতি উন্মোচন: বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা উপেক্ষা

আইসিসির দ্বিমুখী নীতি উন্মোচন: বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা উপেক্ষা
ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর জেরে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এ ঘটনাকে কেন্দ্র করে আইসিসির ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বিশ্বখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। তাদের মতে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ অগ্রাহ্য করা হলেও ঠিক একই ধরনের পরিস্থিতিতে ভারতের দাবির প্রতি নমনীয়তা দেখিয়েছে আইসিসি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির ন্যায্যতা ও নিরপেক্ষতা আদৌ শর্তসাপেক্ষ কিনা—সে প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

উইজডেনের প্রতিবেদনে বলা হয়, গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। নিরাপত্তার কথা উল্লেখ করে দেশটি নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচ আয়োজনের দাবি তোলে। দীর্ঘ আলোচনার পর আইসিসি সে দাবি মেনে নেয়। ফলে ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হয় দুবাইয়ে। একই মাঠে খেলা এবং ভ্রমণের ধকল না থাকায় ভারত বাড়তি সুবিধা পায় এবং শেষ পর্যন্ত টুর্নামেন্টের শিরোপাও জিতে নেয়।

এর বিপরীতে বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যায়। সূচি ও গ্রুপ ঘোষণার পর মাত্র এক মাসের মধ্যে বিসিবি নিরাপত্তা শঙ্কার বিষয়টি তুলে ধরে। ভারতের মাটিতে বাংলাদেশের খেলোয়াড়, স্টাফ, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেয় বিসিবি। তবে জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি সে প্রস্তাব আমলে নিতে রাজি হয়নি। স্পষ্ট জানিয়ে দেয়া হয়, বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হবে।

বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত আইসিসি তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। উইজডেন প্রশ্ন তুলেছে, কেবল সময়ের ব্যবধানই কি আইসিসির এ ভিন্ন আচরণকে ন্যায্যতা দিতে পারে? ভারত তিন মাস সময় পেলেও বাংলাদেশ পেয়েছে মাত্র কয়েক সপ্তাহ—এটাই কি ‘ডাবল স্ট্যান্ডার্ড’-এর ব্যাখ্যা?

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ সংকট তৈরিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে ভারতের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত ৩ জানুয়ারি কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে তারা কখনোই প্রকাশ্যে নিরাপত্তার বিষয়টি স্বীকার করেনি। ব্যাখ্যা হিসেবে শুধু ‘সাম্প্রতিক পরিস্থিতি’ শব্দটি ব্যবহার করা হয়।

বাংলাদেশ এটিকে সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে দেখেছে। বিসিবির যুক্তি ছিলো, যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে পুরো দলকে কীভাবে নিরাপদ রাখা হবে? মুস্তাফিজকে বাদ দেয়ার ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত ছিলো নিঃশর্ত ও অনুতাপহীন। কোনও বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই একজন খেলোয়াড়কে ছেঁটে ফেলে বিসিসিআই এমন একটি বার্তা দিয়েছে যে, ক্রিকেট প্রয়োজনে রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহৃত হতে পারে।

উইজডেনের বিশ্লেষণে বলা হয়, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ক্রিকেটের মাধ্যমে রাজনৈতিক বার্তা দেয়ার সক্ষমতা ভারতের আছে। বিপরীতে বাংলাদেশ তাদের খেলোয়াড়দের সুরক্ষায় অবস্থান নিলেও আত্মসম্মান ও নীতির প্রশ্নে কঠোর অবস্থান নেয়ায় শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কঠোর অবস্থানই আইসিসির জন্য বাংলাদেশকে ‘না’ বলা সহজ করে দিয়েছে বলে মনে করে সাময়িকীটি।

অন্যদিকে ভারত ভালোভাবেই জানে, তাদের অর্থনৈতিক শক্তি ও বিপুল দর্শকসমর্থন ছাড়া আইসিসির বড় টুর্নামেন্টগুলো কার্যত অচল। সে কারণেই পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়ে তারা নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পেরেছে। শুরু থেকেই লড়াইয়ের পাল্লা ভারতের দিকেই ভারী ছিলো, যা দেখিয়ে দেয়—ক্ষমতা, বিশেষ করে অর্থনৈতিক শক্তি, কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটের সিদ্ধান্তকে নিজের পক্ষে বাঁকিয়ে নিতে পারে।

বাংলাদেশের ক্ষেত্রে সেই সামর্থ্য ছিলো না। ফলে এমন এক সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে তাদের, যার কথা তারা কয়েক সপ্তাহ আগেও ভাবেনি। বিশ্বকাপে থাকা একটি দল এখন আর টুর্নামেন্টে নেই—শুধু নিজেদের নিরাপত্তা ও নীতিগত অবস্থানের পক্ষে দাঁড়ানোর কারণে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি