বিএনপি প্রার্থীর বক্তব্যে তোলপাড়
‘হাত জোর করে বলছি, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবে না’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজামকে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনারা যারা এখানে চাঁদাবাজি করেন। দুই হাত জোর করে বলছি, এ ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে তার নির্বাচনী কার্যালয়ে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। ওই বক্তব্যের প্রায় ৫৫ সেকেন্ডের একটি অংশ কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতরী আনোয়ারার প্রাণকেন্দ্র এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তিনি বলেন, এর আগে আরেকটি কার্যালয় উদ্বোধনের সময়ও তিনি উল্লেখ করেছেন—এ এলাকায় বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন,
আমি অনুরোধ জানাবো, আপনারা যারা চাঁদাবাজি করছেন দুই হাত জোর করে বলছি, এ ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। বিএনপির গাঁয়ে কালিমা লেখার জন্য কেউ যদি প্রচেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।
এসময় তার পাশে থাকা নেতাকর্মীদের ‘নিজাম ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম’ এবং ‘নিজাম ভাইয়ের ঘোষণা, চাঁদাবাজি থাকবে না’—এমন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে—কেনো নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান জানানো হলো। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সরওয়ার জামাল নিজাম দাবি করেন, তার বক্তব্য বিকৃতভাবে ছড়িয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, দুষ্কৃতকারীরা আমার বক্তব্যের একটি অংশ কেটে অপপ্রচার চালাচ্ছে। আমি কখনও অন্যায় করিনি, কখনও অন্যায়কে প্রশ্রয় দিইনি।
তিনি আরও বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথাই তিনি বলতে চেয়েছেন। পুরো বক্তব্য না শুনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
সবার দেশ/কেএম




























